রংপুরে বিএনপি নেতা ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ও এক বিএনপি নেতা পাল্টাপাল্টি মামলা করেছে। এ নিয়ে পীরগাছায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। অপরদিকে, রবিবার দুপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করায় বিএনপি প্রতিবাদ সভা করেছে।

জানা গেছে, রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর নামে মামলা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় থানার সামনের সড়কে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বিএনপি নেতার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দেশ স্বাধীনের নামে ছাত্র-জনতা লোহার রড, হকিস্টিক, লোহার পাইপ, চাইনিজ কুড়াল, হাসুয়া দিয়ে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ের তালা ভাঙে। এরপর ১৫ হাজার টাকার কাচের গ্লাস-টেবিল, ৩৫ হাজার টাকার ৪০টি চেয়ার, ১ লাখ ৬০ হাজার টাকার ৩২টি সিসি ক্যামেরায় হামলা করা হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার পীরগাছা থানায় রব্বানি ওরফে বাবু, শামিম মিয়া, অন্তর মিয়া, শাকিল মিয়া, জুয়েল মিয়া ও শাহিন মিয়াসহ ২২ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এদিকে, ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মামলা করেছেন একরামুল হক নামে এক শিক্ষার্থী। শনিবার রাতে পীরগাছা থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়।

বাদী একরামুল হক মামলার এজাহারে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সারা দেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ওইদিন দুপুর আড়াইটার দিকে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে। মিছিলটি পীরগাছা সরকারি কলেজের কাছে থেকে পীরগাছা জে.এন মডেল উচ্চ বিদ্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে।

এসময় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে আসামি আমিনুল ইসলাম রাঙ্গা তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিস রক্ষার্থে বিজয় মিছিলকে উদ্দেশ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করেন। বাদী তাৎক্ষণিক মাটিতে শুয়ে পড়েন। গুলি তার বাম হাতে লাগায় তিনি গুরুতর রক্তাক্ত হন।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ছাত্ররা আমিনুল ইসলাম রাঙ্গাকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেছেন। অপরদিকে ২২ জনকে আসামি করে একটি মামলা করেছেন আমিনুল ইসলাম রাঙ্গা। দুটি মামলাই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights