বাংলাদেশ সিরিজ: ভারতের স্কোয়াডে ফিরলেন পান্ত, চমক ইয়াশ দায়াল

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াশ দায়াল। এই বাঁহাতি পেসারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। দলে ফিরেছেন রিশাভ পান্ত ও ভিরাট কোহলি। দেশের মাটিতে দুই টেস্টের সিরিজের প্রথমটির জন্য রবিবার (৮ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই আছেন দলে।

মোহাম্মদ শামির দলে ফেরা হয়নি এবারও। অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন অভিজ্ঞ এই পেসার। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর কোনো ধরনের ক্রিকেটেই মাঠে নামতে পারেননি তিনি। দলে ফিরেছেন লোকেশ রাহুলও। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে ছিটকে গিয়েছিলেন এই ব্যাটসম্যান। রোববার শেষ হওয়া লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফির প্রথম ম্যাচে তিনি খেলেছেন ৩৭ ও ৫৭ রানের দুটি ইনিংস।

ইংল্যান্ড সিরিজ দিয়ে অভিষিক্ত সারফারাজ খান, ধ্রুভ জুরেল ও আকাশ দিপ জায়গা ধরে রেখেছেন দলে। বাদ পড়েছেন রাজাত পাতিদার, শ্রিকার ভারত, দেভদুত পাডিক্কাল ও মুকেশ কুমার। পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের সঙ্গে থাকছেন আকাশ ও দায়াল। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ।
আইপিএলের ২০২৩ আসরে ম্যাচের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করে প্রথম আলোচনায় আসেন দায়াল। ২০২৪ আইপিএলে শেষ ওভারে দারুণ বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফে তুলে আরেকবার খবরের শিরোনাম হন তিনি। ২৬ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৭৬টি। দুলিপ ট্রফির প্রথম ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট।

পান্ত সবশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে। এর কয়েক দিন পরই উত্তরাখন্ডের রুর্কিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কোনোরকমে প্রাণে বেঁচে যান তিনি। তবে তার ডান হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিড়ে যায়। এছাড়াও কবজি, অ্যাঙ্কেল, পায়ের অগ্রভাগসহ চোট পান নানা জায়গায়। আঘাত পান পিঠে ও মাথায়। কয়েক দফায় অস্ত্রোপচার হয়। দীর্ঘ পুনবার্সন শেষে গত আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই কিপার-ব্যাটসম্যান।

আইপিএলে ১৩ ম্যাচে তিনি করেন ৪৪৬ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে পান শিরোপা জয়ের স্বাদ। পরে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। ২১ মাস পর লাল বলের ম্যাচ খেলতে নেমে দুলিপ ট্রফিতে দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন স্রেফ ৩৪ বলে। ম্যাচে উইকেটের পেছনে ক্যাচ নেন ৭টি। কোহলি গত জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। কোহলি ও রোহিত দুলিপ ট্রফিতে খেলছেন না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে লম্বা সময় পরই তাই লাল বলের ক্রিকেটে খেলতে নামবেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট কানপুরে শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। প্রথম টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফারাজ খান, রিশাভ পান্ত, ধ্রুভ জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিভ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দায়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights