চাহিদা বৃদ্ধিতে টরন্টোতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান

অনলাইন ডেস্ক

চাহিদা বৃদ্ধির কারণে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট যোগ করা হয়েছে। এতে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ কথা জানান।

ইতোমধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।

২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে ওই ফ্লাইট। পরে একই বছরের ২৭ জুলাই এই রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়।

সর্বশেষ এ বছরের মে মাসের তথ্য থেকে জানা গেছে, এই রুটে গড়ে ৯০ শতাংশ আসন পূর্ণ করে ফ্লাইট চলাচল করছে। যা অভাবনীয় বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights