মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ২৫ স্বর্ণের বারসহ আটক ২

অনলাইন ডেস্ক
মেহেরপুরের আমঝুপি এলাকায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২.৬১৮ কেজি ওজনের ২৫টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর আসছে। এ প্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে।
আনুমানিক সকাল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি বাস আসলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ২.৬১৮.৬৮ কেজি ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫,৮০৪ টাকাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২,৬০,২৫,৮০৪ টাকা।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights