বরিশালে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।

মৃত সৈয়দ সবুর (৪৭) গিলাতলী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সবুরের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন চাচাতো ভাই বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ। তিনি বলেন, সবুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোতয়ালী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এসআই জয়দেব চন্দ্র বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গিলাতলী গ্রামের একটি ব্রিক ফিল্ডের সামনে রাস্তার পাশে যাত্রী ছাউনীতে এক ব্যক্তি পড়ে থাকার খবর পেয়ে পুলিশ যায়। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এসআই জয়দেব বলেন, সবুর মাদকসেবন করে মানসিকভাবে ভারসাম্য হারানো ব্যক্তি ছিলো। তার মারা যাওয়ার কারণ জানি না। কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন এলে কারণ বলতে পারবো। পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কাউন্সিলর সৈয়দ আবিদ বলেন, রাজনৈতিক আলোচনা নিয়ে হয়তো উচ্চবাচ্য করেছিলো। এই কারণে তাকে মারধর করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ শিষ মোহাম্মদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। কিভাবে মারা গেছে জানি না। কারা কি করেছে, তাও বলতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights