চেল্লাখালী নদীর আয়রন সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগ চরমে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত আয়রণ সেতুটি ভেঙে খালে পড়ে গিয়েছে। এতে ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। গত এক বছর আগে সেতুটি ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষ ৫-৬ কিলোমিটার ঘুরে চলাফেরা করছে। এলাকার মানুষ দ্রুত সেতুটি নির্মাণ করার দাবি জানিয়েছেন।

জানা গেছে, বাতকুচি এলাকায় চেল্লাখালী নদীর উপর আয়রন সেতুটি এলজিএসপির অর্থায়নে নির্মিত। সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ায় গত বছরের ডিসেম্বরে বন্যায় প্রবল স্রোতে ভেঙে নদীতে পড়ে যায়। নির্মাণের পর থেকে সেতুটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত প্রায় ৫-৬ বছর আগেই এটির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। সেতুর লোহার পাইলগুলো অনেক আগেই ক্ষয় হয় যায়। এছাড়া বছর বছর বন্যায় সেতুর দুই পাশের মাটি ধসে যায়। পানির স্রোতের কারণে সেতুর পিলারগুলোর মাটি সরে যাওযায় নড়বড়ে হয়ে ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। এরপর এলাকাবাসি মিলে ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে কোনমতে যাতায়াত করতে পারতেন। কিন্ত বন্যায় পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে সেতুটির মাঝ বরাবর দুই ভাগ হয়ে খালের মধ্যে ধসে পড়ে।

স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র মধুটিলা ইকোপার্ক, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ ভবন,পলাশীকুড়া উচ্চ বিদ্যালয়, আমবাগান বাজার, কয়রাকুড়ি, বেকিকুড়া, আন্ধারুপাড়া, শেখেরকুড়া ও বোনারপাড়া গ্রামের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। সেতুটি ভেঙে পড়ায় বিকল্প পথে কমপক্ষে ৫-৬কিলোমিটার পথ ঘুরে এসব গ্রামের লোকজনদের যাতায়াত করতে হচ্ছে। এতে শিশু-নারী, বৃদ্ধ, রোগীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত নতুন একটি সেতু পুনর্র্নিমাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, মানুষের ভোগান্তি কমাতে চলতি বছরের প্রথম দিকে পরিবেশ ও মৃত্তিকা অধিদপ্তরের টিম এসে পর্যাবেক্ষণ করে গেছেন এবং এলজিইডির প্রকৌশলীগণ এসে মাপঝোক করেছেন। দ্রুত তারা নতুন সেতু নির্মাণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে এলজিইডির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক জরিপ চালোনো হয়েছে। এখন উপর থেকে আদেশ এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights