কাজের বুয়ার বেশে দেড় কোটি মূল্যের হেরোইন নিয়ে যাচ্ছিল ঢাকায়, গাজীপুরে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেয়ার পথে গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে এক বৃদ্ধা।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গ্রেফতারকৃত নারী হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে জানতে পারি রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে এস আই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান করে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা মহিলাকে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সে খুবই চালাক কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। আসলে তার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেয়ার জন্য মাদকদ্রব্য হেরোইন নিয়ে যাচ্ছিলেন। আমরা আদালতে তার রিমান্ড চাইবো। এতে তার সঙ্গে কারা জড়িত তাদের ধরতে সুবিধা হবে। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights