শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা এলাকা থেকে ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়।

ফিরোজ মিয়া শ্রীবরদী উপজেলার কলাকান্দার ফটো মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার মানুষ আক্রমণ করে বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দিয়ে লুটপাট করে। এসময় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদী পালিয়ে যায়।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটকের জন্য চিরুনি অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি দল সোমবার ভোরে শ্রীবরদীর কলাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার কয়েদী ঘটনার দিন অন্যান্য কয়েদীদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় এবং শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights