বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলার ধোপানীছড়ার দুর্গম পাহাড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক বিশেষ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রুমায় বিজিবির ৯ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল হাসিবুল হক।

বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এ প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসির নেতৃত্বে বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার আনুমানিক ৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, একটি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, একটি অডিও/ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, একটি কি-ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, একটি দূরবীণ, ২টি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, একটি সোলার সিস্টেম, একটি আকাশ টিভি রিসিভার ও একটি আমব্রেলা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, একটি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযান শেষে অবজারভেশন পোস্ট, বাংকার, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার এবং রান্নাঘর ধ্বংস করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights