নড়াইলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার বুড়িখালি গ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় দুইজন আহত হয়েছেন। পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ধলার নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ। এ সময় সাহেব আলী, মঞ্জুর মোল্যা, আজগার শেখ ও মহসিনের দোকানও ভাংচুর করা হয়। কালু শেখের দুটি গরু লুট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা।

স্থানীয়রা জানান, বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ধলার আধিপত্য বজায় থাকলেও সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন সংগঠিত হয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করলে উভয়পক্ষে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবার বুড়িখালী গ্রামের তিন রাস্তার মোড়ে বিএনপি অফিস উদ্বোধন হলে দুপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে রাতে ধলা মেম্বরের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীসহ দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। এতে আমিনুর গাজী নামে একজন গুলিবিদ্ধ হন এবং টেটা বিদ্ধ হয়ে আহত হন হেকমত গাজী। এ ঘটনায় গুলি ও টেটাবিদ্ধ দুইজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আমিনুর গাজী বলেন, বিএনপি কার্যালয় উদ্বোধন করার পর পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায় ধলা মেম্বর ও তার লোকজন।
এ ব্যাপারে জামাল হোসেন ধলার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights