উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে সংস্কারমনা এবং দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এসে বেলা সাড়ে ৪টা থেকে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা স্লোগান দেন, “সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে?”, “ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই”, “ভিসি নিয়ে নয়ছয়, আর নয় আর নয়”, “ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়”, “সংস্কারমনা ভিসি চাই”, “দুর্নীতিমুক্ত ভিসি চাই”, “সৎ ও সাহসী ভিসি চাই”, “সেশনজটের কবর চাই” ইত্যাদি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, কিন্তু ইবিতে এখনো তা হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। নিয়মিত ক্লাস হচ্ছে না, উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষার্থীরা দ্রুত একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights