ইবিতে উপাচার্য নিয়োগ দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি:

উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। এসময় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে রাস্তার উভয়পার্শ্বে কয়েক কিলোমিটারের যানযটের সৃষ্টি হয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে এক ছাত্রসমাবেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়ে আন্দোলন স্থগিত করে তারা।

এর আগে সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে মহাসড়কে এসে অবরোধ করে তারা। এসময় আন্দোলনকারীদের হাতে বিশ্বমানের ভিসি চাই, সংস্কার মনা ভিসি চাই, সেশনজটের কবর দে, ইবির আঙ্গিনায় দূর্নীতিবাজের ঠাঁই নাই, ইত্যাদি লেখা সংবলিত ফেস্টুন দেখা যায়।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, নাহিদ হাসান, সায়েম আহমেদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেচুর রহমান সুইট বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একজন সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত, সংস্কারমনা ও বিশ্বমানের ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পরে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম৷ এরপর থেকে উপাচার্যশূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights