প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ওই কিশোরির প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদর থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে আদালতের নির্দেশে কিশোরীর বয়স নির্ধারণী পরীক্ষার জন্য তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মো. বিল্লাল মিয়া (২৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ওই কিশোরী একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরীর বাবা মারা গেছেন। মা চরশেরপুর ইউনিয়নের সরকারি মাটি কাটার প্রকল্পে কাজ করে অতিকষ্টে জীবন-যাপন করেন। ভিকটিম স্থানীয় বিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় রাস্তায় তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো বখাটে মো. বিল্লাল মিয়া। এক পর্যায়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। গত ৮ ফেব্রোয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল ওই কিশোরীর ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী বাধা দিলে পরে তার হাত-পা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে যায় বিল্লাল। পরে কিশোরীর মা কাজ শেষে বাড়িতে এলে কিশোরি ঘটনা খুলে বলে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল রবিবার দুপুরে বলেন, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত বিল্লাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights