গাজীপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে হিজড়ার ছদ্মবেশী দুই সন্তানের জনক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার জিএমপি’র বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার মার্কেটের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম-আব্দুল খালেক (৪৪)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝর এলাকার মৃত কামালের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ও স্থানীয়রা জানান, রবিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় চান্দনা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের রাস্তার ওপর তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। সকালে পুলিশ ট্রিপল নাইন (৯৯৯) এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পেটের ডান পাশে ও বাম হাতের কুনুইয়ের নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহত আব্দুল খালেকের স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। সে হিজড়ার ছদ্মবেশে এলাকায় চলাফেরা করতো এবং বিভিন্ন কৌশলে টাকা পয়সা উঠাতো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights