আওয়ামী লীগ নেতা তুষার কান্তি আবারও ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে আবারও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কোটা সংস্কার আন্দোলনে নিহত মেরাজ হত্যা মামলায় এই রিমান্ড দেওয়া হয়।

বুধবার সকালে চিফ মেট্রোপলিটন কোতয়ালী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

মেরাজ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে, তাকে আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। গত ২৫ আগস্ট নিহতের সহধর্মিণী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক শেখ হাসিনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত ১৮ আগস্ট মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় তার মা আম্বিয়া বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলি আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তুষার কান্তি মন্ডলের নাম আসামি হিসেবে রয়েছে।

তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১১টি মামলা করা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই তিনি গা ঢাকা দেন। ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights