মৌলভীবাজারে সালিশ বৈঠকে হামলা, নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সালিশ বৈঠকে দুইপক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিয়ে নিয়ে ছঈদ উল্লার ছেলে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে আগে থেকে দেশীয় অস্ত্রসহ ওত পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।
দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পারভেজ আহমদসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ৮টার দিকে তারা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights