অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাস্তা ও ড্রেনের উপর নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার সকাল ৯টা থেকে দিনভর দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুশিঘাট এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক সূত্র জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা অংশে রাস্তা প্রশস্তকরণ ও নতুন ড্রেন নির্মাণ কাজ করছে সিটি করপোরেশন। ইতোমধ্যে কিছু অংশে ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে। নতুন নির্মিত ড্রেনের উপর অনেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে আগে থেকেই সড়ক ও ড্রেনের জায়গায় স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেননি। অবশেষে সোমবার থেকে সিসিক উচ্ছেদ অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অবৈধ স্থাপনার কারণে রাস্তা ও ড্রেন প্রশস্তকরণ কাজ ব্যাহত হচ্ছিল। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ড্রেনের জায়গা দখলমুক্ত করা হয়েছে। নগরীর রাস্তাঘাট ও ড্রেনের জায়গা দখল করে যারা যেখানে স্থাপনা নির্মাণ করেছেন সবগুলোই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights