হবিগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশুকে জলাশয়ে ফেলে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে জলাশয় থেকে ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পারিবারিক ঝগড়ার জেরে শিশুটিকে তার ফুফু ঘুমন্ত অবস্থায় জলাশয়ে ফেলে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশু মাহমুদা আক্তার মীম, চরগাঁও গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেন ও মিনারা বেগমের কন্যা।

বৃহস্পতিবার নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় নিহত শিশুর ফুফু পপি বেগম ও দাদি মরিয়ম বিবিকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে মরিয়ম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে মিনারা আক্তার এ দু’জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, মিনারা আক্তারের সঙ্গে তার শাশুড়ি মরিয়ম বিবি ও ননদ পপি বেগমের পারিবারিক কলহ চলছিল। দু’পক্ষের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে গত মঙ্গলবার ভোরে পপি একা ঘুমিয়ে থাকা মিনারার ৪ মাস বয়সী কন্যা মীমকে বিছানা থেকে তুলে নিয়ে জলাশয়ে ফেলে দেন। তখন মিনারা রান্নাঘরে ছিলেন। কাজ শেষে ঘরে ফিরে মেয়েকে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয় থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মরিয়ম বিবি আদালতকে বলেন, ভোরে আমার মেয়ে পপি ছাড়া আর কোনো লোক ঘরে ছিল না। মীমকে পুকুরে ফেলার সময় পানির শব্দ শুনেছি। এই কাজ আমার মেয়েই করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং লোকমুখে নানান আলোচনা ও সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights