নোয়াখালীতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। মারধরে নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের ফজলের রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবহানের সাথে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথাকাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন শহীদুল্লাহ। তিনি তার বাবাকে মাটিতে ফেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙে দেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে ও ২ ছেলে। ছোট ছেলে কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও একবার বাবাকে মারধর করেন শহীদুল্লাহ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights