হালুয়াঘাটে বন্যার্তদের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের হালুয়াঘাটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের শুভসংঘের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের কুতুরা ও কৈচাপুর ইউনিয়নের গুনিয়ারিকান্দা গ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহ্বায়ক প্রভাষক দেলোয়ার হোসেন, উপদেষ্টা খুররম খান যুবরাজ ও উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু।
হালুয়াঘাটে বন্যার পানি কমতে শুরু করলেও ধারা ও কৈচাপুরসহ আশেপাশের বেশ কিছু ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি। এ পরিস্থিতিতে ত্রাণ সমগ্রী পেয়ে খুশি বন্যা কবলিত বাসিন্দারা।
উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সমগ্র হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা প্লাবিত হয়। এতে করে ফসলি জমি, পুকুর ও ফিসারী, রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়িঘরে পানি উঠে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এ এলাকার লাখো মানুষ।
