কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মাহমুদুর রহমানের মামলা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া আদালত চত্ত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদুর রহমান উপস্থিত থেকে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসান, মডেল থানার ওসি নাসিরসহ এজাহারনামীয় ৪৭ জন এবং অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করব ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের অওতায় আনবে সরকার। তিনি বলেন, তার এ মামলার মুল উদ্দেশ্য বিচার সম্পন্ন হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর বাংলার মাটিতে জন্ম নেবে না।
কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের পর সাংবাদিক মাহমুদুর রহমান দুপুরেই কুষ্টিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এ এম জোবায়েদ রিপনসহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে যশোর বিমানবন্দর হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌঁছালে শুভেচ্ছা জানাতে জানাতে শত শত মানুষ বহর নিয়ে তাকে অনুসরণ করেন।
২০১৮ সালের ২২ জুলাই মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে কটুক্তির মামলায় হাজিরা দিতে এলে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
