নিগার সুলতানা জ্যোতির রেকর্ড

অনলাইন ডেস্ক

আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েছেন তিনি।

জ্যোতির এই রেকর্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা এই রান টপকে যায় ২ উইকেট হারিয়ে, ৪৩ বল হাতে রেখে।
টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওভারের প্রথম বলে স্টাম্পিং হয়ে ১২ বলে ৯ রান করে ফেরেন ওপেনার সাথী রাণী। পাওয়ার প্লের শেষ বলে আরেক ওপেনার দিলারা আক্তারও বোল্ড হন। ১৮ বলে ১৯ রান করেন তিনি।

ছয় ওভারে ৩৩ রান তোলার পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে ৪০ রান আসে জুটি থেকে। ২২ বলে ১৬ রান করে আউট হন সোবহানা মোস্তারি।

তার বিদায়ের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ভালো অবস্থা থেকে চাপে পড়ে যায় বাংলাদেশ। এফি ফ্লেচারের টানা দুই বলে ফেরেন স্বর্ণা আক্তার ও তাজ নেহার। তারা ফেরার পর জ্যোতির সঙ্গী হন রিতু মণি। এই জুটিতে ভর করেই একশ পার করতে পেরেছে বাংলাদেশ।

যদিও রিতু মণি ফিরে গেছেন আগেই। রামহারাকের ওভারে ১৩ বলে ১০ রান করে ক্যাচ দেন তিনি। জ্যোতির সঙ্গে ২৩ বলে ২১ রানের জুটি গড়েন রিতু। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৩৯ রান করে ফেরেন জ্যোতিও।

রান তাড়ায় নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে দলটি। অষ্টম ওভারে গিয়ে প্রথম উইকেট এনে দেন মারুফা আক্তার। ২২ বলে ৩৪ রান করা ওপেনার হেইলেই ম্যাথিউজকে বোল্ড করেন তিনি।

১৬ বলে ২১ রান করা আরেক ওপেনার শেরমিন ক্যাম্পবেলকে আউট করেন নাহিদা আক্তার। এ ছাড়া আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৭ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডিয়ান্ড্রা ডটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights