দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

রান্না করা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ষাট বছর বয়সী মা হাজেরা খাতুনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ অক্টোবর) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজেরা খাতুনের স্বামী ছিলেন দু’জন। তারা দুজনই মারা গেছেন। প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা থাকতেন বড় ছেলে জজ মিয়ার সাথে। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় তাকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা।

কিন্তু এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শনিবার সকালে ঝগড়া শুরু হয়। এ সময় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত) সখিনা খাতুন বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়েছিলো বলে শুনেছি। পরে তাদের মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেয়। সেসময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যান মা হাজেরা খাতুন এবং মারা যান।

দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights