গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২
টঙ্গী প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টায় দায়ের করা একটি মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গাসিক সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। পরে ওই মামলার জের ধরে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর মরকুন টিএন্ডটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
