বৃদ্ধ রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক বৃদ্ধ রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. আলম (৬৫)। তিনি নগরীর বড়বনগ্রাম মহল্লার বাসিন্দা। বুধবার গভীর রাতে নগরীর কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি।

পুলিশ ও পরিবারের ধারণা, আলমের রিকশাটি নেওয়ার জন্য ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আলমের লাশের গলা ও বুকে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। রাতে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে।
এর আগে রাতেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে কাটাখালী থানার ফেসবুক পেইজে নিহত ব্যক্তির ছবি প্রকাশের পর পরিবারের সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights