যুদ্ধক্ষেত্রে নিহত সিনওয়ার, কে হচ্ছেন হামাসের নতুন নেতা
অনলাইন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মাত্র দুই মাসের ব্যবধানে দলের দুই প্রধানকে হারালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা হলেন- ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নতুন করে কে ধরবেন সংগঠনের হাল?
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে হামাসের নতুন প্রধান হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- গাজার বাইরে অবস্থানরত মধ্যপন্থী মুসা আবু মারজুক। তিনি দলের একজন উপদেষ্টা। মারজুক হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ ছিলেন।
মারজুক ছাড়াও এই তালিকায় রয়েছেন- কাতারে নির্বাসিত খলিল আল-হাইয়া। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খলিল গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় আলোচনার প্রধান আলোচক ছিলেন।
এছাড়া নির্বাসিত খালেদ মেশালও দলের প্রধান হতে পারেন। ২০১৭ সালে হানিয়ার স্থলাভিষিক্ত হওয়া পর্যন্ত হামাসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদ।
শীর্ষ পর্যায়ে থাকা এই তিনজনের বাইরেও একজন যোদ্ধার নাম শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন- ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার। ইয়াহিয়ার মতো ক্যারিশম্যাটিক নেতা না হলেও যোদ্ধা হিসেবে তার ভালো খ্যাতি আছে। সূত্র: সিএনএন, রয়টার্স, টাইমস অব ইসরায়েল, এএফপি
