কুড়িগ্রামে ছিনতাইয়ের অভিযোগে একজন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে দিনের বেলা এক তরুণীর ছিনতাই হওয়া এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ তথ্য জানান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন।মঙ্গলবার দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশাযোগে শহরের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামি ইমদাদুল ইসলাম ইমনকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, মঙ্গলবার দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশাযোগে শহরের যাওয়া পথে সাদ্দির মোড় এলাকায় কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তার সাথী নামের এক তরুণীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানতে পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের সাথে জড়িত মূল হোতা সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকার ইমদাদুল ইসলাম ইমনকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও এক লক্ষ টাকা উদ্ধার করে। পরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মাদকের ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights