ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগসহ সর্বস্তরের আওয়ামী সন্ত্রাসী এবং কুশীলবদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, বর্তমান রাষ্ট্রপতি অবৈধভাবে নির্বাচিত এবং আওয়ামী ফ্যাসিজমের দালাল। তাকে দ্রুত পদত্যাগ করতে হবে। বিগত সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের আইনের আওতায় আনতে হবে এবং ছাত্রলীগকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী ফ্যাসিজমের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।

সমন্বয়ক মেহেদী সজিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ পত্র না পাওয়ার ঘোষণা ষড়যন্ত্রের ইঙ্গিত। কিন্তু আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। অবিলম্বে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। কুমিল্লা সীমান্তে নৈরাজ্য সৃষ্টি করে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে আরও রক্ত দেব। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের এদেশে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অতিদ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধে করতে হবে এবং ক্যাম্পাসে লেজুড়বৃত্তি রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রজনতার ৯ দফা বাস্তবায়নের জন্য প্রয়োজনে জীবন দেব। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights