গজারিয়ায় গুলিবিদ্ধ হয়ে দুর্ধর্ষ বাবলা ডাকাত নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুরের মল্লিকের চরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২৫ মামলার আসামী দুর্ধর্ষ বাবলা চৌধুরী খালাসি ওরফে বাবলা ডাকাত (৪২) নিহত এবং গ্রামবাসীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় একটি ভবনে দুই কক্ষে আটকে রাখা আরও ৯ ডাকাতসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানায়, লুন্ঠিত মালামালের ভাগবাটোয়ারা নিয়ে দুই দল নৌ ডাকাতের সাথে সংঘর্ষ হয়। পালিয়ে যাওয়া ডাকাতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল মেঘনা তীরের মল্লিকের চরে সকালে বন্ধুক যুদ্ধে বাবলার প্রাণ যায়। এই সময় গুলিবিদ্ধ রহিম বাদশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহত গ্রামবাসী আক্তার হোসেন ও লিটন মিয়াজীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা এবং ডাকাতদের ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়েছে। নিহত বাবলা ডাকাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে। তবে দুর্গম মল্লিকের চরকেও আস্তানা হিসেবে ব্যবহার করতেন নৌডাকাতরা।

স্থানীয় আলমগীর হোসেন জানান, গ্রামটির রহিম বাদশার দ্বিতল ভবনে এই সংঘর্ষ হয়। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসলে দুটি ট্রলারে করে দুই দল সশস্ত্র ডাকাত দ্রুতগতির নৌযানে করে পালিয়ে যায়। এ সময় ভবনটিতে থাকা ৯ ডাকাতকে তালাবদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে তালা ভেঙ্গে পুলিশ তদের গ্রেফতার করে। আর পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে ৫ ডাকাতকে উপজেরার হোসেন্দি এলাকা থেকে পাকড়াও করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights