টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স ২৫-২৭ অক্টোবর

ঢাকায় দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশসহ ১৫টি দেশের ৯০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ২৫০ জন অ্যাকাডেমিক ও স্কলার অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী সেমিনারটি আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুলশানের সিক্স সিজন্স হোটেলে অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ড. মো. শরিফুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সামগ্রিক ব্যবস্থার ওপর জোর দিয়েছে। শুধুমাত্র রাষ্ট্র-চালিত উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই এই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। এ সংক্রান্ত বিশ্লেষণ এবং সংলাপের লক্ষ্যে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, এ কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা। সেইসঙ্গে এ অঞ্চলের অগ্রগতির জন্য টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের অ্যাজেন্ডাকে এগিয়ে নিতে সহযোগিতা করা। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ন্যায্যতা নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করার ধারণাকে অন্তর্ভুক্ত করবে এ কনফারেন্স।

এই কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর আনিস চৌধুরী
‘সাউথ এশিয়া ইন এশিয়ান সেঞ্চুরি : এসডিজিএস অ্যান্ড বিয়ন্ড’ বিষয়ে কিনোট স্পিচ উপস্থাপন করবেন। কনফারেন্সে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন প্রফেসর এসএমএ ফয়েজ।

সংবাদ সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের অ্যালাবামা ইউনিভার্সিটির প্রফেসর ড. আখলাক হক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মিলি রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights