আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এ সময় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। পরে বিশৃঙ্খলা এড়াতে ছয় কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গতকাল বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ও আহত শ্রমিকরা হলেন হালিমা খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। হালিমা খাতুন স্থানীয় সুসুকা গার্মেন্টসের শ্রমিক, বাকিরা জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া। গতকাল সকালে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানাটির সামনে একত্র হন শ্রমিকরা। পরে তারা পাশের সিগমা অ্যাপারেলস, ডি-সান, সুসুকা, জিম্যাক্স ক্লোথিং ও শিনশিন, টপটেক্স সোয়েটার লি. পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদের বের করে এনে আন্দোলনে নামান। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে কারখানাগুলোয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আন্দোলনকারী শ্রমিকরা কারখানার সামনে থেকে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে তিনজন শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ২০ জন।
জানা গেছে, মজুরি, বোনাস বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটির কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুপুরে মহাসড়কের নয়ারহাটে গিল্ডেন অ্যাকটিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা বলেন, গিল্ডেন কারখানার বিদেশি মালিকপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত জানালেও আমাদের দেশের ম্যানেজমেন্ট ১২-১৩ হাজার টাকা বেতন প্রদান করে। বিদেশি মালিকপক্ষ ২৪ হাজার ৫০০ টাকা বেতন প্রদানের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ ছাড়া হাজিরা বোনাস বৃদ্ধি, ইনক্রিমেন্ট, সুচিকিৎসা নিশ্চিত, ছুটিসহ অন্যান্য সুযোগসুবিধা প্রদানের দাবি জানান শ্রমিকরা। শিল্পপুলিশ-১-এর এক কর্মকর্তা বলেন, ‘বকেয়া বেতন-ভাতার দাবিতে কয়েক দিন যাবৎ জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা আন্দোলন করছেন। সকালে কারখানাটির শ্রমিকরা অন্যান্য কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের বের করে আনছিলেন। এ সময় ভয় দেখাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।’
