‘পরিপক্ব’ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি রাশিয়ার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে পরিপক্ব সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় রাশিয়া। পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ এ কথা বলেন।

শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব।

বিবৃতিতে বলা হয়, ‘পরিপক্ব’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী রায়াবকভ। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়ে আলোচনা হওয়ার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধনের কথা বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্র সচিব। দুই দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার খাতে সহযোগিতার গুরুত্বের কথা বলেন তিনি।

ব্রিকস প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে সংস্থার পরিসর বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ যেন আরও ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে রাশিয়া সমর্থন দেবে।

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠকে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফয়সাল আহমেদ এবং উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights