বটগাছের মগডাল বাদুড়ের রাজ্য
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা-তারাগঞ্জ সড়কের চাঁদখানা জিল্লুতির বাজারের সন্নিকটে নগরবন গ্রামে সুনশান পরিবেশে অচিন বটগাছের মগডাল বাদুড়ের রাজ্যে পরিণত হয়েছে। এ যেন বাদুড়ের রাজ্য। ওই এলাকায় সৌভাগ্যের প্রতীক মেনে বাদুড়দের ভিন্নভাবে গ্রহণ করায় ক্রমেই বংশবৃদ্ধি ঘটছে। প্রচণ্ড তাপদাহের মধ্যে তাদের হুকের মতো পা দু’টো আটকিয়ে নিস্তব্ধতায় ঝুলছে অসংখ্য বাদুড়। যেন চোখ ফেরানো দায়। মাথায় সামান্য হলুদ রং থাকলেও পুরো দেহটি কালো। একটু শব্দ হলেই দল বেঁধে পালকহীন চামড়া মোড়ানো ডানায় কয়েকটা ঝাপটা দিয়ে আবার নীরব। রাতের অক্লান্ত শ্রমে যেন তারা শুধু একটু প্রশান্তির ঘুমই খুঁজছে।
