নালিতাবাড়ীতে ইউএনও-এসিল্যান্ডের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভুমি) মো.আনিছুর রহমানের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র একাংশ। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আমীন এ দাবি জানান।

জেলা বিএনপি’র সহসভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো.নুরুল আমীন বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে মাসিক সমন্বয় সভা করেন। সেই চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন ছিলেন আন্দোলনে হত্যা মামলার আসামি। হত্যা মামলা আসামিদের নিয়ে সভা করার বিষয়টি বিএনপি জানার পর নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এবং রবিবার দিন বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন। গতকাল রবিবার শহরে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা ছিল। কিন্ত এই বিক্ষোভ থামাতে প্রশাসন রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ফলে আমরা আর বিক্ষোভ মিছিলটি করতে পারিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই বিক্ষোভের আহবান করার পরই তা ঠেকাতে ইউএনও ‘বালু উত্তোলনকারী ও বালু উত্তোলনবিরোধী দুইপক্ষের মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে’ মর্মে নাটক সাজিয়ে ১৪৪ ধারা জারি করেন।

তিনি বলেন, আমি বা আমাদের কেউ বালুর সাথে জড়িত নই। বালু উত্তোলনকারীদের পক্ষে-বিপক্ষে এমন কোন কর্মসূচিও ছিল না। শুধুমাত্র আমাদের বিক্ষোভ মিছিল ঠেকাতে ভুয়া গল্প বানিয়ে মূলত তিনি আসামীদের পুনর্বাসনের চেষ্টা করেছেন। এসময় তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যা মামলার আসামীদের পুনর্বাসিত করার চেষ্টাকারী ইউএনও এবং এসিল্যান্ড কে অপসারণের দাবি জানান। একই সাথে এখনো হত্যা মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তাদের গ্রেফতার দাবী করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন,এটা বিএনপির সংবাদ সম্মেলন নয়। বিএনপির ৬টা গ্রুপের মধ্যে একটা ছোট গ্রুপের সম্মেলন যার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কম। যাদের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের আসামি হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন অবগত নয়। থানা বা কোর্ট হতে কোন এজহার কপি দেয়নি। মামলার বিষয়ে উপজেলা প্রশাসন অবহিত না হলে তারা সমন্বয় সভাতে উপস্থিত থাকার অধিকার রাখে। অপসারণ বিষয়ে আনীত অভিযোগটি ভিত্তিহীন। তবে মামলার এজাহার কপি হাতে পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসিল্যান্ড তো সমন্বয় মিটিং এ থাকে না। সে কেন ? তার মানে বালুর অভিযানে তারা অসুন্তুষ্ট।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights