ভাসানচরের উদ্দেশে ৯ শতাধিক রোহিঙ্গা
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ৯০১ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৩৯৫ জন রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন- কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৫তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ৫০৬ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৩৯৫ জন। সব মিলিয়ে ৯০১ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
