ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি শহীদুজ্জামানের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসন থেকে বার বার নির্বাচিত বিএনপি দলীয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুজ্জামান বেল্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।
তার একান্ত সহকারী মাসুদুর রহমান রানা জানান, গত রবিবার সকালে শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহ শহরের কলাবাগানাস্থ নিজ বাসভবনে হঠাৎ পড়ে যান। এতে তার কলার বোন ভেঙ্গে যায়। চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছিলেন। সোমবার বিকেল থেকে তার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আরও অবনতি হয় এবং তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। পরে সোমবার রাত সাড়ে ১১টায় পরিবার তাকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হন। পথে তার শরীরের চরম অবনতি দেখা দিলে তাকে দ্রুত ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুজ্জামান বেল্টু পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। শহিদুজ্জামান বেল্টু কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসুনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ সব অঙ্গসংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
