মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষার্থীদের মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা মামলার বাদী সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায়ের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রানী রায় নিয়োগের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। কয়েকজন ছাত্রকে চুল কেটে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন। এই শিক্ষক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী, সাবেক সভাপতিসহ কমিটির পাঁচজন সদস্য এবং সাতজন অভিভাবকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের প্রায় চার লাখ টাকা আত্মসাত করেছেন। এতোকিছুর পরেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যাচার করে একটি ভিডিও পোস্ট করেছেন। এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে অব্যাহতি দিতে হবে।
সমাবেশে ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বনিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, আবদুল ছাত্তার, নাছির উদ্দিন নয়ন প্রমুখ বক্তব্য দেন।
এবিষয়ে অভিযুক্ত শিখা রানী রায় বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি ষড়যন্ত্রের শিকার।
উল্লেখ্য, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বাবা।
