ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া কমিয়ে ৪৫ টাকা করার দাবিতে লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। একই সাথে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং বিআরটিসি ও বেসরকারি এসি বাসের ভাড়া কমানোর দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু করে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার বদলালেও অরাজকতা দূর হয়নি। স্থানীয় প্রশাসন পরিবহন মালিকদের স্বার্থ রক্ষায় যতটা তৎপর, যাত্রী সাধারণের অধিকার রক্ষায় ততটাই উদাসীন।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেছে। এ অবস্থায় আমরা চাই আর কোনও গডফাদার যেন পরিবহণ সেক্টরকে জিম্মি না করে। আমরা আশা করবো আমাদের চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই স্থানীয় প্রশাসন নারায়ণগঞ্জের মানুষের যৌক্তিক দাবি মেনে নেবে এবং স্থানীয় পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবে।
লিফলেটে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্থেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।
একই সাথে উল্লেখ করা হয়, আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণ, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হবে। দাবি না মানা হলে ১৭ নভেম্বর শহরে আধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের আবু নাঈম খান বিপ্লব, শিবনাথ চক্রবর্তী ও মাহমুদ হোসেন প্রমুখ।
