জর্ডান ফেরত স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জের ধরে জোবায়দা বেগম নামে জর্ডান ফেরত এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর আলমকে (৪৮) আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় জোবায়দা বেগমের। তাদের চার মেয়ে রয়েছে। সংসারের অভাব দূর করতে পাঁচ বছর আগে জর্ডানে পাড়ি জমান জোবায়দা। তিন মাস আগে মেয়ের বিয়ে দেয়ার জন্য দেশে আসেন তিনি। বিয়ে শেষে আবারও মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জোবায়দা। কিন্তু স্বামী জাহাঙ্গীর আলম তাকে নতুন করে বিদেশে যেতে দিতে ইচ্ছুক ছিলেন না।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর আলম জোবায়দা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, স্ত্রী হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights