জাহাঙ্গীরনগরে শিবির নিয়ে যা বললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে ছাত্রশিবিরের কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা। এতে নতুন রাজনৈতিক বাস্তবতায়, যেকোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের অমীমাংসিত ঘটনা ও রাজনৈতিক তর্কসমূহ সর্বাঙ্গের আলোচনা সাপেক্ষে সমাধানের পূর্বেই তাদের আবির্ভাব ঘটলে স্বভাবতই তা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে আশংকা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে প্রাপ্ত নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের সকলক্ষেত্রে সংস্কার অত্যাবশকীয়। পুরনো ঘুনে ধরা রাজনৈতিক কাঠামো থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এখন প্রয়োজন চলমান রাজনৈতিক চর্চাসমূহের মৌলিক সংস্কার। এরই ধারাবাহিকতায় দেশে জাতীয় ঐক্য গঠন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনের মতামতকে গুরুত্ব প্রদান করে।’
এতে আরও বলা হয়, নতুন রাজনৈতিক বাস্তবতায়, যেকোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের অমীমাংসিত ঘটনা ও রাজনৈতিক তর্কসমূহ সর্বাঙ্গের আলোচনাসাপেক্ষে সমাধানের পূর্বেই তাদের আবির্ভাব ঘটলে স্বভাবতই তা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে আমরা আশংকা করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে ক্যাম্পাসে চলমান রাজনৈতিক ধোঁয়াশা ও অস্থিতিশীল পরিবেশ নিরসনে স্বচ্ছ ও সহনশীল রাজনৈতিক স্থিতাবস্থা প্রয়োজন। ইতোমধ্যে দেশের বিভিন্নস্থানে আমরা ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগকে নিজেদের উদ্দেশ্য সফল করতে গুপ্ত রাজনীতির অন্ধকার মাধ্যমকে বেছে নিতে দেখছি। আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্য পরিচয় ও সুস্থচর্চার মতাদর্শিক লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক মাঠেই সংগঠনগুলির মূল্যায়ন হওয়া উচিত। সেক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তচর্চার বিশেষ বৈশিষ্ট্যকে মাথায় রেখে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও উদার রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা জরুরী।
এমতাবস্থায় সকল শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও রাজনৈতিক-অরাজনৈতিক অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফ্যাসিবাদী, লেজুড়বৃত্তিক, সন্ত্রাসী ও বর্জনমূলক রাজনীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করছে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে ছাত্রশিবিরের কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। ছাত্রশিবিরকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ বিক্ষোভ করেন তারা। এদিকে তাদের এই প্রতিবাদের বিষয়টিকে স্বাগত জানিয়েছে শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ। এক পতিক্রিয়ায় ছাত্রশিবিরের জাবি শাখার নতুন সভাপতি হারুনুর রশিদ রাফি বলেছেন, ‘গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতায় অনুষ্ঠিত মিছিলকে আমরা স্বাগত জানাই। আমরা সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থানে বিশ্বাসী। সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’
