গরুবোঝাই ট্রাক লুট; ৬ ডাকাত গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে ২১টি গরু ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ট্রাকসহ ৭টি গরু উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ একটি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে মঙ্গলবার রাতে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেলুটিয়া পশ্চিম পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে ভাঙ্গারী বাবু (২৮), একই এলাকার কোরবান আলী (২৫), দেওয়ান টাইটা এলাকার আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া এলাকার শহিদুল (৩৬), আশুলিয়ার কলতাসুতি বারল এলাকার সজিব (২১) ও শিবলু আহম্মেদ (২০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মো. শহিদুল এনাম রাসেল (৩৬) নামের এক গরু ব্যবসায়ী গত ২৭ অক্টোবর রাজশাহী সিটিহাট থেকে ২১টি গরু কেনে, যার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব গরু ট্রাকে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে পাঠান ওই ব্যবসায়ী।
ট্রাকটি গত ২৮ অক্টোবর রাত পৌনে ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্রবাজার সংলগ্ন ফিনিক্স স্পিনিং মিলসের সামনে পৌঁছালে ১৫-১৬ জন ডাকাত সদস্য একটি মিনি ট্রাক নিয়ে তাদের গতিরোধ করেন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও রাখালকে মারধর করে মিনি ট্রাকে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলেন।
তবে রাখাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ডাকাত সদস্যরা গরুবোঝাই ট্রাক ও হাসিলের কাগজপত্রসহ গাজীপুরের দিকে চলে যায়। এ নিয়ে শহিদুল ইসলাম গতকাল মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাতটি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক ও লুণ্ঠিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
এ নিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights