বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় স্ত্রী হত্যার ১৯ বছর পর স্বামী চাঁন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।
বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর ঝগড়া হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে ঘরের তীরের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেফতার করে। পরে নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে চাঁন মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের ১৯ বছর পর সকল কার্যক্রম শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
