গার্দিওলার স্কোয়াডে এখন মাত্র ১৩ জন সুস্থ ফুটবলার

অনলাইন ডেস্ক
ম্যানচেস্টার সিটির চোট পাওয়া খেলোয়াড়ের তালিকা দিনকে দিন কেবল দীর্ঘই হচ্ছে। নতুন করে সেখানে যোগ হয়েছে উইঙ্গার সাভিনিয়ো ও ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জির নাম। গত ৯ বছরে এত বেশি চোট পরিস্থিতির মুখোমুখি হননি ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

লিগ কাপে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে চোট পান সাভিনিয়ো। অ্যাঙ্কেলের চোটে ৬২তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে। স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি আকাঞ্জি। গা-গরমের সময় পেশিতে অস্বস্তি অনুভব করায় সুইস ডিফেন্ডারকে মাঠে নামাননি গার্দিওলা।

চোটের ছোবলে আগে থেকেই মাঠের বাইরে আছেন সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, রদ্রি ও ডিফেন্ডার কাইল ওয়াকার। গত কয়েকটি ম‍্যাচে দলটি পায়নি অস্কার বব, জেরেমি ডোকু, জ্যাক গ্রিলিশকে। একের পর এক খেলোয়াড় হারানোয় ভীষণ চিন্তিত গার্দিওলা। তবে তার আশা, গুরুতর কিছু হয়নি তরুণ সাভিনিয়োর।
তিনি আরও জানান, আমাদের ১৩ জন খেলোয়াড় আছে, তাই আমরা সত্যিকারের সমস্যায় আছি। যে ছেলেরা খেলছে, তারা বেশিরভাগই সমস্যা নিয়ে ম্যাচ শেষ করছে এবং আমরা দেখব তারা কতটা সতেজ হয়ে উঠতে পারছে। আমি মনে করি, আমরা সমস্যায় আছি। কারণ, ৯ বছরে আমরা কখনই এত বেশি চোট পরিস্থিতিতে পড়িনি।

গার্দিওলা আরও জানান, আশা করি, তার (সাভিনিয়ো) গুরুতর কিছু হয়নি, তবে আমরা দেখব… গতকাল আকাঞ্জি, আমি জানতাম না, শেষ সময়ে তার পেশিতে কিছু একটা অনুভব করে এবং আজ গা-গরমের সময় সে অস্বস্তি অনুভব করছিল। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা সিটি শনিবার মুখোমুখি হবে বোর্নমাউথের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights