বগুড়ায় আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার দাবিতে বগুড়ায় কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে শহরের সাতমাথা বাংলাদেশ উদীচী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেণের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট মহসিন রেজা, আলতাব হোসেন, আসলাম খান, বদিউজ্জামান, তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সুমিত্রা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে আদিবাসীরা নির্যাতিত এবং মূল-স্রোতধারা থেকে বিচ্ছিন্ন। সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকারমূলক গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
বক্তারা বলেন, বাংলাদেশের আদিবাসীরা সমতল ও পাহাড়ী এলাকায় বসবাস করেন। তাদের রয়েছে ৪৪টি আদিবাসী জাতিগোষ্ঠী ও ৩৪টি বিভিন্ন ভাষাসহ নিজস্ব সংঙ্গলি রীতিনীতি, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছেদ ও ধর্মীয় বিশ্বাস। এরকম একটি সামাজিক পটভূমিতে আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
সভায় নেতৃবৃন্দরা আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে নৃশংসভাব নিহত আলফ্রেড সরেণ, পীরেন স্নাল, কল্পনা চাকমা, সত্যবান হাজং, গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের শ্যামল হেমভ্রম, রমেশ টুডু ও মঙ্গল মারডির হত্যার বিচার দাবি করেন। এছাড়া আদিবাসী ইউনিয়নের ১৫ দফা দাবির ভিত্তি সংগ্রাম জোরদার করার জন্য জেলা ও উপজেলায় কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়।
