জনসভা ফেলে হঠাৎ কমেডি অনুষ্ঠানে কমলা

অনলাইন ডেস্ক

আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সে হিসেবে ভোটগ্রহণের আর মাত্র দু’দিন বাকি। এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

শনিবার অন্যতম ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রচারণা চালান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

রয়টার্স জানিয়েছে, শনিবার উত্তর ক্যারোলাইনার জনসভা শেষে মিশিগানের ডেট্রয়েট শহরে জনসভা করার কথা ছিল কমলার। কিন্তু সেখানকার নির্বাচনী প্রচারণা ফেলে অপ্রত্যাশিতভাবে নিউ ইয়র্কে যান হ্যারিস। ‘সাটারডে নাইট লাইভ’ টেলিভিশন অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে।
যদিও এ নিয়ে মন্তব্য করেনি কমলার প্রচারণা শিবির। তবে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত থাকা সাংবাদিকরা তার সঙ্গে নিউ ইয়র্কে এসেছেন। তিনটি সূত্র জানিয়েছে, টেলিভিশন চ্যানেল এনবিসির সদরদফতরে জনপ্রিয় কমেডি শো অনুষ্ঠিত হবে। যেখানে কমলা হ্যারিস অংশ নেবেন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এটি প্রচারিত হওয়ার কথা।

মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে অংশ নেওয়া একটি আশ্চর্যজনক ঘটনা।

ট্রাম্পও প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ২০১৫ সালে এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এ কাজ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনাসহ সাত রাজ্যে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শনিবার ডেস ময়নেস রেজিস্টারের করা এক জরিপে দেখা গেছে, আইওয়াতে কমলা এগিয়ে গেছে, যেখানে গত দুইবার ট্রাম্প অনায়াসে জয় পেয়েছিলেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights