গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ আটক ১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ সুকলাল বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বদনাতলী ঘেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটক সুকলাল বিশ্বাস উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈলেন বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সুকলাল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বদনাতলী ঘেয়াঘাট থেকে ১০টি সুন্ধী কচ্ছপ, দুইটি কাটা কচ্ছপ, পাঁচটি গ্যালা পাগুদসহ তাকে আটক করে গলাচিপা বন বিভাগের বিএম মো. নাঈম হোসেন খান এবং অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী, স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপা টিম লিডার মো. সোহেল।
পরে গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে বন্য সংরক্ষণ আইন ২০১২-এর ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সুকলাল বিশ্বাস বলেন, আমি পাচারকারী সদস্য নই। তবে আমার শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজনরা কচ্ছপ খাওয়ার জন্য বলেছিল। তাই বরিশাল নিয়ে যাচ্ছিলাম।

গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সুকলাল বিশ্বাসকে এক বছর সাজা দেয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে তিনি কচ্ছপ পাচারকালে র‌্যাবের হাতে ধরা পড়েন এবং ১৮ দিন জেল খেটেছেন। কচ্ছপগুলো দুপুরে গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights