এক মাস পর খুলছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো
বান্দরবান প্রতিনিধি
টানা এক মাস পর পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে খুলে যাবে নীলগিরিসহ চার উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র। তাই নির্বিঘ্নে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা।
তবে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলার সব পর্যটন কেন্দ্র।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও বান্দরবান ভ্রমণে পর্যটকদের যেখানে সেখানে আবর্জনা ফেলা, পলিথিন ব্যবহারসহ কিছু বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপ করে স্ব স্ব জেলা প্রশাসন। এরপর গত ১ নভেম্বর রাঙামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।
