সিএনজিচালকের লাথিতে ক্যান্সার রোগীর মৃত্যুর অভিযোগ

সিলেটের শাহপরাণ থানার বটেশ্বরে লাথি মেরে ক্যান্সার রোগীর মৃত্যু ঘটানো অটোরিকশা চালককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে, বুধবার সন্ধ্যায় সিলেটের শাহপরাণ থানার বটেশ্বর বাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকের লাথিতে মারা যান ওই ক্যান্সার রোগী। ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালক লাথি মারলে তিনি মারা যান।

মৃত জালাল উদ্দীন (৪৮) শাহপরাণ থানার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে। ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে বিকালে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, জালাল উদ্দীন একজন ক্যান্সার রোগী ছিলেন। তার পরিবার জানিয়েছে- তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিলো। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের (৩০) সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে মামুন তাকে পেটের নিচে লাথি মারেন। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
ওসি আনিসুর আরও জানান, ঘটনার পরপরই সিলেটের মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মামুনকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights