নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর সদর রোডে সিটি কর্পোরেশনের নির্মানধীন মার্কেট এর তিনতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় পড়ে মারা গেছে বলে কোতয়ালী মডেল থানার ওসি ও শিশুর বাবা জানিয়েছেন।

মৃত শিশু হলো মো. ইয়ামিন (১০)। সে নগরীর সদর রোড হাওলাদার লেনের মুহুরী বেল্লাল হাওলাদারের ছেলে। ইয়ামিন নগরীর ফকিরবাড়ী রোডের মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রথম শ্রেনীর ছাত্র।
বেল্লাল হাওলাদার বলেন, সিটি সুপার মার্কেটের পাশে আমার বাসা। তাই প্রতিদিনের মত আজও ছেলে ইয়ামিন ভবনের তিন তলায় খেলতে উঠে। সেখান থেকে কিভাবে নিচে পড়ে গেছে, তা জানি না। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় কোন অভিযোগ দেয়া হবে না জানিয়ে বেল্লাল বলেন, ছেলের লাশ বিনা ময়না তদন্তে নেয়ার জন্য আবেদন করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ না দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপাতত লাশ মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights