পরকীয়া প্রেমের জেরে বড় ভাইকে হত্যা, অভিযুক্ত ছোট ভাই, ভাবী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাইকে হত্যায় অভিযুক্ত ছোট ভাই হারুন ও পরকীয়া প্রেমিকা ভাবী হাসিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

দেবর ও ভাবী পরস্পরের যোগসাজশে প্রকাশ্যে দিবালোকে ধারালো ছেনদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বড় ভাইকে। গত শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া (নামাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হত্যার শিকার মো. হাসান মিয়ার আরেক আপন ভাই মো. মাইনুদ্দিন (৫৫) বাদী হয়ে সিরাজদিখান থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। সেই মামলায় হত্যায় অভিযুক্ত ভাই ও নিহতের স্ত্রীকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।
অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া (নামাপাড়া) গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে বসবাস করতেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে বড় ভাই হাসান মিয়া চারদিন আগে ছুটিতে দেশে আসেন। পরকীয়া সম্পর্ক নিয়ে তাদের নিজ বাড়িতে একটি সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই হারুন ও ভাবী হাসিনা বেগম পরস্পরের যোগসাজশে প্রকাশ্যে দিবালোকে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করে হাসান মিয়াকে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর আপন ভাই মো. মাইনুদ্দিন (৫৫) বাদী হয়ে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করেন। আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হারুন ও ভাবী হাসিনা বেগমকে গ্রেফতার করি। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights